বাবাভাণ্ডারীর (ক.)ওরস শরীফের প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বাদে মাগরিব উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র চট্টগ্রামের ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ হযরত গাউছুল আযম শাহসুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী(কঃ)-এর ৯০তম পবিত্র ওরস শরীফ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। রহমান মঞ্জিলের উদ্যোগে গাউছিয়া রহমানিয়া মইনিয়া মঞ্জিলের সেমিনার হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো: ইব্রাহিম ।
উল্লেখ্য, এ বছর ওরস শরীফ তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে, যার প্রধান দিবস আগামী ২২ চৈত্র, ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ। এ উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত-আশেকানের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন মাইজভাণ্ডার গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান ড.শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, হাটহাজারী সার্কেলের এডিশনাল এসপি কাজী মো: তারেক আজিজ , ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম,পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইঞ্জিনিয়ার মো; মনিরুজ্জামান, নাজির হাট হাইওয়ে থানার অফিসার ইন চার্জ মোঃ শাহবুদ্দি, দরবার শরীফের আওলাদ বৃন্দের মধ্যে শাহজাদা সৈয়দ মিফতাহুর নুর মাইজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ নাঈম উদ্দিন মাইজভাণ্ডারী,শাহজাদা সৈয়দ নাঈম রহমান মাইজভাণ্ডারী,হযরত সৈয়দ মইনুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড.কাজী মহসিন চৌধুরী, কাজী মো: শহীদুল্লাহ,আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম মহানগরের আহবায়ক আহমদ উল্লাহ কুদ্দুস, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি মো:মোরশেদ মুন্নাসহ সাংবাদিক,রাজনৈতিক, যানবাহন মালিক ও শ্রমিক সংগঠন, ধর্মীয়,সামাজিক াসংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধ,মাইজভাণ্ডার পাঁচপাড়া সমাজ প্রতিনিধি সুধীজন উপস্থিত ছিলেন। সভার আলোচকবৃন্দ বলেন, বাবাভাণ্ডারী (কঃ) ছিলেন এক অনন্য সাধকপুরুষ, যিনি ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা এবং আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব সংমিশ্রণ ঘটিয়ে মানুষের অন্তরে আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করেছেন। তাঁর জীবন ও দর্শন মানুষকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহনশীলতা এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর ভালোবাসার শিক্ষা দেয়।
বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর শিক্ষা কেবল একটি ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং তা সর্বজনীন মানবকল্যাণে নিবেদিত। তিনি সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করতে শিক্ষা দিয়ে গেছেন মানুষের মাঝে। তাঁর প্রতিষ্ঠিত আধ্যাত্মিক ধারা আজও লাখো ভক্ত-অনুসারীর হৃদয়ে অনুপ্রেরণা জোগায়।
সভায় ওরস শরীফকে সুষ্ঠু, নিরাপদ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা,সুপেয় পানি, পরিচ্ছন্নতা এবং ভক্তদের সুবিধার্থে বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিশেষে সভাপতি মহোদয় বলেন, এই পবিত্র ওরস শরীফ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি আধ্যাত্মিক মিলনমেলা, যেখানে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফল করার আশাবাদ ব্যক্ত করেন।
সবশেষে শাহসুফি বাবাভাণ্ডারী (ক:)এর প্রপৌত্র শাহসুফি শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর (ম:জি:আ) দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্ত হয়।

