ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান: ১০ দিনের কারাদণ্ডv
চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দেশি চোলাই মদ সেবনরত অবস্থায় মোহাম্মদ রুবেল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার সুয়াবিল এলাকায় ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
জানা যায়, অভিযানকালে হাতেনাতে দেশি চোলাই মদ সেবনরত অবস্থায় রুবেলকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

