ফ্যাসিস্ট অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ফটিকছড়িতে কোনো ফ্যাসিস্ট অপশক্তি কিংবা নিষিদ্ধ সংগঠনকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। যারা অস্থিতিশীলতা সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ নষ্টের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৫ জুন) বিকেলে ফটিকছড়ি উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সম্প্রতি আলোচিত বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি সম্প্রতি ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের প্রতিষ্ঠিত বিশ্রামাগারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলা প্রসঙ্গেও গুরুত্বের সাথে দেখছেন বলে জানান তিনি।
সরোয়ার আলমগীর বলেন, “ফটিকছড়ির শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসন কিংবা নিষিদ্ধ সংগঠনের নামে সাংগঠনিক তৎপরতা চালানোর সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কেউ যদি আইন অমান্য করে বা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া সংসদীয় এলাকায় ফ্যাসিস্টের নিকট থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্কলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি ।
এ সময় তিনি গুজব ও বিভ্রান্তি এড়িয়ে তথ্যভিত্তিক অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবু কালাম আজাদ, আবু আজম তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান, শহিদুল আজম চেয়ারম্যান, নাজিম উদ্দীন বাচ্চু, ওসমান হোসেন চৌধুরী, কালাম চৌধুরী, খালেদ বাবুল, এয়াকুব শহিদ, এস এম মুনসুর আলম, জালাল চৌধুরী, হাসানুল কবির, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, মোজাহারুল ইকবাল লাভলু, জাহেদুল আলম মেম্বার, একরামুল হক, ইঞ্জিনিয়ার এমদাদুল ইসলাম মুন্না, সাইফুল হায়দার রাসেল, প্রিঞ্চ ওমর ফারুক, আরাফাত তুষার, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

