রাঙামাটিতে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের পরিচয় খুঁজছে পিবিআই: ছবি প্রকাশ
মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
রাঙামাটি পার্বত্য জেলায় উদ্ধার হওয়া আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় এবং তার ওয়ারিশদের সন্ধান করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলা। উদ্ধার হওয়া মৃতদেহটি প্রায় গলিত ও পচা অবস্থায় থাকায় দীর্ঘদিন পরও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থা ভিকটিমের বিবরণ প্রকাশ করে জনসহায়তা কামনা করেছে।
ঘটনার বিবরণী ও মামলার সূত্র
মামলার নথি সূত্রে জানা যায়, ২০ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দে রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন ০২নং মগবান ইউপির ০৪নং ওয়ার্ডের কামিল্যাছড়ি এলাকাস্থ আসামবস্তি-কাপ্তাই সড়ক থেকে আনুমানিক ০১ কিলোমিটার পশ্চিমে বনের ভেতর ব্যাঙছড়িগামী পাহাড়ি রাস্তার পাশের জঙ্গল থেকে উক্ত পুরুষ মানুষের লাশটি উদ্ধার করা হয়।
তৎকালীন সময়ে কোতোয়ালী মডেল থানার এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরবর্তীতে এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নং-১৩, তারিখ: ২০/০৪/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)। বর্তমানে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই, চট্টগ্রাম জেলায় তদন্তাধীন রয়েছে।
ভিকটিম ও জব্দকৃত মালামালের বিবরণ
পরিচয় শনাক্তকরণের সুবিধার্থে মৃত ব্যক্তির পোশাক ও সাথে থাকা জিনিসপত্রের বিবরণ নিচে দেওয়া হলো:
পোশাক: মৃত ব্যক্তির শরীরে বিভিন্ন রঙ মিশ্রিত শার্ট এবং কালো প্যান্ট পরিহিত ছিল।
ব্যাগ: একটি চকলেট রঙের কাঁধে ঝুলানো ব্যাগ।
জুতো: চকলেট রঙের ৪৩ সাইজের ফিতা বিহীন একজোড়া স্যু (জুতো)।
ঘড়ি: ‘KALBOR QUARTZ’ লেখা কালো ফিতা যুক্ত একটি হাত ঘড়ি।
শারীরিক গঠন: পুরুষ, বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর।
যোগাযোগের আহ্বান
উপরোক্ত বিবরণ, পোশাক বা মালামাল দেখে যদি কোনো ব্যক্তি উক্ত অজ্ঞাতনামা পুরুষকে শনাক্ত করতে পারেন কিংবা তার পরিবার/ওয়ারিশদের সন্ধান পেয়ে থাকেন, তবে অনতিবিলম্বে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পিবিআই-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
আবু জাফর মোঃ সালেহ
পুলিশ পরিদর্শক (নিঃ)
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলা।
মোবাইল নম্বর: ০১৯৭৪-৩৪৯১২৯

