ফটিকছড়িতে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ইয়াবাসহ চার মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
২৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— নাজিরহাট পৌরসভার মো. শাজাহান (৩৮), মানিকছড়ির যোগ্যাছোলার বিজন ত্রিপুরা, কাঞ্চননগরের মো. ইমরান (৩৪) এবং ভূজপুরের মো. কুরবান আলী (৪৫)।
পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। এতে আটককৃতদের মধ্যে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় তাদের কাছ থেকে জব্দকৃত মদ, গাঁজা ও ইয়াবা পরবর্তীতে ধ্বংস বা বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।