ফটিকছড়িতে দেশীয় অস্ত্রসহ ডাকাতচক্রের সক্রিয় সদস্য 'টেস্টার মোবারক' গ্রেফতার
চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসীচক্রের সক্রিয় সদস্য মোঃ মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারক (৩২)-কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ ও ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল আলম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড় ১১টার দিকে ফটিকছড়ি থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার 'চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলা' (শফির টিলা) সংলগ্ন একটি টং ঘরে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই শেখ মোঃ ইয়াছিন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা চক্রের অন্য সদস্যরা গহিন জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হলেও মোবারক হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ধারালো ছোড়া/তরবারী, ২টি রামদা, ১টি লোহার শাবল, ১টি ছুরি, ১টি ধামা, ১টি দা, ১টি এসএস পাইপ ও ১টি লোহার রডসহ মোট ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত টেস্টার মোবারক চট্টগ্রাম জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন ওরফে ডেবিট ইমন এবং কালা মোবারকের ঘনিষ্ঠ সহযোগী। সে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ সন্ত্রাসী ও ডাকাতির কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল আলম বলেন, "ধৃত আসামি ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা (মামলা নং-১৩, তারিখ: ১২/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"